যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
৩ দিন আগে শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
যুক্তরাজ্যের
লন্ডন থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ নাঈম ইসলাম (২০) নামের এক ব্রিটিশ
বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট
সূত্রে জানা যায়, লেকের পাড়ে ওজু করতে গেলে প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে
যান নাঈম। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। এ সময় পাশে থাকা এক বন্ধু উদ্ধারের
জন্য পানিতে ঝাঁপ দিলেও নাঈমকে খুঁজে পাননি। ঘটনাটি পুলিশকে জানালে প্রায় ১৩-১৪ ঘণ্টা
অনুসন্ধানের পর তাকে উদ্ধার করা হয়।
নাঈমের
মৃত্যুর খবরে যুক্তরাজ্য ও বাংলাদেশে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া
নেমে আসে।
নাঈমের
মামা মাওলানা সিদ্দিকুর রহমান জানান, লন্ডন থেকে দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে
ওয়েলসে বেড়াতে গিয়েছিলেন নাঈম। ঘটনার দিন রাত ১টার দিকে পরিবারের সদস্যরা দুর্ঘটনার
খবর পান।
খবর
পেয়ে পূর্ব লন্ডন থেকে ওয়েলসের উদ্দেশে রওনা হন নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম।
নাঈমের
মরদেহ ওয়েলস থেকে ২৮ সেপ্টেম্বর লন্ডনে নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে জানাজার
সময় ও স্থান পরে জানানো হবে।
পরিবারের
দ্বিতীয় সন্তান মোহাম্মদ নাঈম ইসলাম যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
তার বাবা কেন্দ্রীয় কৃষক দলের একজন সদস্য। তাদের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা
উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে।