স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষ যোগাযোগ, ঘরে মিলল ফাহিমার নিথর দেহ

Cumilla24

১২ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষবার কথা বলার পর ফাহিমা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর কাছ থেকে তালাকের হুমকি পাওয়ার পর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। রোববার বিকেলে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার ওই গ্রামের ইলিয়াস মোল্যার মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমার আগে একবার বিয়ে হয়েছিল। পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে সেই সংসার ভেঙে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে চট্টগ্রামের বাসিন্দা আরিয়ান রহমান মুজিবের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে প্রায় তিন মাস আগে তাঁরা বিয়ে করেন।

তবে আরিয়ানের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় বিয়ের পর ফাহিমাকে বাবার বাড়িতেই রেখে যান স্বামী। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের বুঝিয়ে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন আরিয়ান। কিন্তু দীর্ঘদিন পার হলেও তাঁকে নিতে না আসায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও দূরত্ব তৈরি হয়।

পরিবারের দাবি, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে ফাহিমার মা শাবানা বেগম চিকিৎসার জন্য ফরিদপুর শহরে যান। এ সময় বাড়িতে একাই ছিলেন ফাহিমা। দুপুরে স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনালাপের একপর্যায়ে আরিয়ান তাঁকে তালাক দেওয়ার হুমকি দেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে অভিমানের বশে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যদের দাবি।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঘরের দরজা-জানালা বন্ধ করে আত্মহত্যা করেন ফাহিমা। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এবং জানালার ফাঁক দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ফাহিমার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ফাহিমার ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে মৃত্যুর আগে স্বামীর সঙ্গে তাঁর ফোনালাপের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied