তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং
১৩ ঘন্টা আগে রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে তার হৃদযন্ত্রে স্টেন্ট বা রিং স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন।
চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, বুকে ব্যথার কারণে শনিবার সকালে তাকে হাসপাতালে আনা হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওপ্লাস্টি করা হবে এবং স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে তিনি নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। রোববার বিকেলে তার হৃদযন্ত্রে রিং বসানোর কথা রয়েছে।