‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে হুমকি
১২ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
চট্টগ্রাম
নগরের বায়েজিদ বোস্তামীতে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি করার
অভিযোগ উঠেছে।
রোববার
(১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহীদনগর এলাকায় জাফর আহমদের বাড়িতে এ ঘটনা
ঘটে। গুলিতে ঘরের জানালার কাচ ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাড়ির
মালিক জাফর আহমদের অভিযোগ, সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের সহযোগীরা তার বাড়ির একটি জানালা
লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনার পর রায়হান তাকে ফোন করে হুমকি দেন।
জাফর
আহমদ বলেন, ১০ মাস আগে রায়হান তাকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময়
তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। এরপর
দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়।
তিনি
বলেন, ‘গুলি করার পর ফোন করে আমাকে বলেছে, টাকা দিসনিতে তো, আজ বাড়িতে গুলি করলাম,
কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’
বায়েজিদ
বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে
করে চারজন এসে গুলি করে চলে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা
চলছে। বাড়ির মালিক জাফর আহমদের সোমবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।
রায়হানের
বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর
থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী বলে পুলিশের দাবি।