দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

Cumilla24

৯ ঘন্টা আগে বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬


#

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্যের মুখোমুখি হন, তা কোনো মায়ের জন্যই কল্পনা করা কঠিন। গুরুতর আহত ব্যক্তি যে তার নিজের ছেলে!

গত ১৬ নভেম্বর সন্ধ্যায় সিগার্ড শহরে প্রতিবেশীর গাড়ি মেরামত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ২৮ বছর বয়সী লোগান মামফোর্ড। গাড়ির নিচে কাজ করার সময় সেটি হঠাৎ জ্যাক থেকে পড়ে তার ওপর চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তাদের মধ্যে ছিলেন লোগানের মা ট্রিশিয়া মামফোর্ডও। তিনি সেভিয়ার কাউন্টির একজন প্যারামেডিক। তবে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তির নাম শোনার আগ পর্যন্ত তিনি বুঝতে পারেননি, রোগীটি তার নিজের ছেলে।

পরে সহকর্মীদের সঙ্গে ছেলেকে উদ্ধারের চেষ্টা করেন তিনি। গুরুতর মাথায় আঘাত পাওয়া লোগানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোগান দুই সন্তানের বাবা ছিলেন। তার একটি তিন বছর বয়সী ছেলে ও এক বছর বয়সী মেয়ে রয়েছে।

সেভিয়ার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, জরুরি পরিস্থিতিতে কাজ করার প্রশিক্ষণ থাকলেও নিজের সন্তানের দুর্ঘটনার মুখোমুখি হওয়ার জন্য কোনো মাকে প্রস্তুত করা সম্ভব নয়।

প্রতিবেশীকে গাড়ি মেরামতে সাহায্য করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন লোগান। কর্তৃপক্ষের ভাষ্য, অন্যকে সাহায্য করার মানসিকতারই প্রতিফলন ছিল তার শেষ কাজটি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied