গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

Cumilla24

১৬ ঘন্টা আগে বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬


#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছয় বছরের শিশুকন্যার গলায় ছুরি ধরে ঘরের ভেতরে আটকে রাখেন বাবা। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করেন তিনি। এ সময় শিশুটিকে উদ্ধারে এগিয়ে এলে স্থানীয় লোকজনকেও ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বসতঘরের টিনের বেড়া কেটে বাবা-মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উদ্ধার করা হয় তাদের।

এর আগে, এদিন সকাল ৯টা থেকে শিশুটিকে নিয়ে ঘরের ভেতরে আটকে ছিলেন তার বাবা।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শিশুটির বাবা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। শিশুটির মা একটি পোশাক কারখানায় চাকরি করেন। মা-বাবার পেশার কারণে পরিবারটি আনোয়ারা উপজেলার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।

প্রতিবেশীরা জানান, গতকাল সকালে শিশুটির মা পোশাক কারখানায় চলে গেলে মেয়েকে নিয়ে ঘরের ভেতরে অবস্থান করেন তার বাবা। একপর্যায়ে দরজায় সিটকিনি লাগিয়ে দেন তিনি। ঘর থেকে বের হতে না পেরে দুপুরের দিকে শিশুটি কান্নাকাটি শুরু করে। এ সময় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলে তার বাবা ছুরি নিয়ে ভয় দেখাতে থাকেন। একপর্যায়ে শিশুটির গলায় ছুরি ধরে সবাইকে সরে যেতে বলেন তিনি।

এদিন বিকেলে শিশুটির মা বাসায় ফেরার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিষয়টি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে বসতঘরের এক পাশের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় বাবা-মেয়ে দুজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে মানসিক রোগে ভুগছেন শিশুটির বাবা। হঠাৎ ওষুধ সেবন বন্ধ করে দেওয়ায় গত চার মাস ধরে অস্বাভাবিক আচরণ করছেন তিনি।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবদুল্লাহ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে বসতঘরের পাশে থাকা টিনের বেড়া কেটে বাবা-মেয়েকে উদ্ধার করেছি।’

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied