২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

Cumilla24

৫৩ মিনিট আগে বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬


#

ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের ছয় বছর বয়সি এক শিশু মাত্র ২৬০ টাকার লটারির কিনে প্রায় ৬৫ লাখ টাকা দামের টয়োটা ফরচুনার গাড়ি জিতেছে।

বুধবার (২৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, শিশুটির দাদি গারবা অনুষ্ঠানে ওই লটারি টিকিট কিনেছিলেন।

শিশুটির নাম মেদাংশ রাইকওয়ার। সে শীলামপুরার বাসিন্দা। আভাপুরির শ্রী সরকার ধামে আয়োজিত লটারিতে প্রথম পুরস্কার হিসেবে গাড়িটি জিতেছে সে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে ওই স্থানে গারবা অনুষ্ঠানে গিয়ে মেদাংশের দাদি কিরণ রাইকওয়ার ২৬০ টাকার একটি লটারির টিকিট কিনেছিলেন। টিকিটে তিনি নিজের নাতির নাম লিখেছিলেন। তখন তিনি কল্পনাও করেননি, সামান্য এই কুপনই পরিবারের জন্য এত বড় চমক নিয়ে আসবে।

২০২৬ সালে লটারির ফল ঘোষণা করা হলে প্রথম পুরস্কারের জন্য মেদাংশের নাম ওঠে। এতে আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

এ জয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায়ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। ঢাকঢোলের শব্দে শিশুটিকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। গাড়ি পাওয়ার পর পরিবারের সদস্যরা পূজা করেন এবং আশীর্বাদ কামনায় প্রার্থনা করেন।

নিজেদের একটি গাড়ি কেনার স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকা পরিবারটির জন্য এ জয় স্মরণীয় ঘটনায় পরিণত হয়েছে।

অবিশ্বাস্য এ জয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ২৬০ টাকার কুপন থেকে এত দামি গাড়ি পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। পাশাপাশি শিশুটিকে অভিনন্দন জানিয়েছেন বহু মানুষ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied