নিজ বাড়ির দরজার সামনে মিলল প্রবাসীর মরদেহ

Cumilla24

১৪ ঘন্টা আগে রবিবার, নভেম্বর ১৫, ২০২৬


#

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় নিজ বাড়ির প্রবেশপথের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বপ্রাপ্ত বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার জানান, রফিকুল দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটানোর পর প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আসেন। এর মধ্যে ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

এরপর থেকে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন রফিকুল। তবে প্রতিদিন নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে গিয়ে খাবার খেতেন তিনি।

সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে রফিকুল খাবার খেতে না আসায় তাকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার খোঁজ নিতে বাড়িতে গিয়ে দরজা খোলা দেখতে পান।

বাড়ির আশপাশ এবং পাশের আঙুরবাগানেও খোঁজাখুঁজি করেন স্বজনরা। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়িতে ফেরার সময় প্রবেশপথের সামনে রফিকুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তার বড় ভাই। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied