চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব

Cumilla24

১ ঘন্টা আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#

ভারতের আসাম রাজ্যে চলন্ত বাসে কন্যাসন্তান প্রসব করেছেন এক নারী। কাজিরাঙার কাছে সড়কপথে যাওয়ার সময় হঠাৎ প্রসবব্যথা শুরু হলে বাসচালক ও যাত্রীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় বাসের মধ্যেই সন্তান প্রসব করেন ওই নারী। পরে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়। দুজনের অবস্থাই স্থিতিশীল বলে জানা গেছে।

শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুয়াহাটি থেকে ধিব্রুগড়গামী বাসটিতে পরিবারের সাত সদস্যের সঙ্গে ভ্রমণ করছিলেন ওই নারী। জাগিরোড থেকে দিমৌ যাওয়ার পথে হঠাৎ তার প্রসবব্যথা শুরু হয়।

বাসচালক বাবুল বরপাত্র জানান, বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে তিনি গাড়ি থামান। পরে জানতে পারেন, এক নারী সন্তান প্রসব করতে যাচ্ছেন।

পরিস্থিতি বুঝতে পেরে বাসের যাত্রীরা দ্রুত সহযোগিতায় এগিয়ে আসেন। ওই নারীকে কিছুটা গোপনীয়তা দিতে পুরুষ যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলা হয়। পরে কম্বল ও কাপড় দিয়ে বাসের ভেতরেই অস্থায়ী আড়াল তৈরি করা হয়।

বাসের যাত্রী ও কর্মীরা প্রসবের সময় ওই নারীকে সহযোগিতা করেন। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

এদিকে বাসচালক ও অন্যরা জরুরি সেবায় যোগাযোগ করেন। পরে অ্যাম্বুলেন্স এসে মা ও নবজাতককে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied