মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী

Cumilla24

১ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬


#

রায়পুরা উপজেলা-য় মেয়ের বিয়ের আগের রাতে পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুজন মিয়ার বিরুদ্ধে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফিয়া পাঁচ সন্তানের জননী এবং স্থানীয় ইজিবাইকচালক সুজন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের মেজো মেয়ে চাঁদনির বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের খরচের জন্য বড় মেয়ে ২০ হাজার টাকা পাঠান। তবে অভিযুক্ত সুজন মাদকাসক্ত হওয়ায় সেই টাকা থেকে ১০ হাজার টাকা নিয়ে খরচ করে ফেলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।

প্রতিবেশীরা জানান, সুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। ঘটনার রাতে ঝগড়ার একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

এ বিষয়ে রায়পুরা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে থানা ও ডিবি পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied