বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

Cumilla24

৮ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬


#

খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে দিয়ে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ৮ থেকে ১০ জন যুবক টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টারের সামনে যান। প্রথমে তারা কাউন্টারে থাকা ‘টুঙ্গিপাড়া’ নামটি কালো কালি দিয়ে মুছে দেন। পরে সেখানে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা একই নাম কালো স্প্রে দিয়ে ঢেকে দেন।

টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টারের টিকিট বিক্রেতা রকি হাওলাদার বলেন, কয়েকজন যুবক এসে কাউন্টার ও বাস থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়ে চলে গেছেন। এ সময় তারা কোনো ভাঙচুর বা দুর্ব্যবহার করেননি।

এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied