নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা
১৮ দিন আগে সোমবার, মার্চ ২, ২০২৬
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে নির্বাচন কার্যালয়ের দোতলায় জানালার কাচ ভেঙে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ভবনের পেছনের দিক থেকে দোতলার জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রল ঢালে। পরে একটি লাঠির সঙ্গে গামছা পেঁচিয়ে আগুন ধরিয়ে তা ভেতরে ছুঁড়ে দেয়। গামছাটি পুড়ে মেঝেতে পড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় নৈশপ্রহরীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে সকালে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
নির্বাচন কার্যালয়ের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার জানান, গভীর রাতে তিনি বিষয়টি বুঝতে না পারলেও পরে ঘটনাটি নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার বলেন, তফসিল ঘোষণার পর থেকেই কার্যালয়ে ব্যস্ততা বেড়েছে এবং কোনো ছুটি নেই। সকালে অফিসে এসে অগ্নিসংযোগের চেষ্টার আলামত দেখতে পান। তবে গুরুত্বপূর্ণ কোনো নথি বা সরঞ্জামের ক্ষতি হয়নি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই একটি মহল এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, দুর্বৃত্তরা ভবনের পেছনের থাই গ্লাসের জানালা খুলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি দ্রুত টের পাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।