দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
রাষ্ট্রপতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার
এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যপ্রবাসী
বাংলাদেশিদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে
তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির
প্রেস উইং জানায়, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন প্রতিনিধিদলের নেতৃত্ব
দেন। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে
শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ
সময় রাষ্ট্রপতি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার
আন্দোলনে যুক্তরাজ্যপ্রবাসীসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধার
অনস্বীকার্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের এই অবদান ও ভূমিকা
চিরদিন মনে রাখবে।
সাক্ষাৎকালে
যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি প্রতিনিধিদল বিমানবন্দরে হয়রানি, ভোটাধিকারসহ ব্যবসায়িক
ও নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি
বলেন, এসব সমস্যা সমাধান এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার ইতোমধ্যে কাজ শুরু
করেছে। প্রবাসীদের পূর্ণাঙ্গ সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালু
করা হয়েছে।
তিনি
প্রবাসীদের দেশে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, দক্ষতা
উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এ সময়
প্রতিনিধিদলটি দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।
রাষ্ট্রপতি
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে
উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস
সচিব উপস্থিত ছিলেন।