ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

Cumilla24

১ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬


#

ছাত্রদল নেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী। তিনি ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং দাঁত ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) ঢাবির প্রক্টর অফিসের সামনে সংবাদ সম্মেলনে মুসাদ্দিক আলী ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আজ বেলা ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে কলা ভবনের পেছনের ফটকের সামনে ক্লাসে যাওয়ার পথে আলাউদ্দিনসহ আরো কয়েকজন তার পথ রোধ করেন।

তিনি বলেন, পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি যে কী হইছে ভাই? আপনি কে? আমি তাকে চিনতে পারছিলাম না।

সে আমাকে প্রথমেই বলে, তুই আমাকে চিনতে পারতেছিস না? প্রথমেই অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে আমার দাঁত ফেলে দেবে।

ডাকসুর সাহিত্য সম্পাদক আরো অভিযোগ করেন, আলাউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে মারতে যান। এ সময় সঙ্গীরা তাকে সরিয়ে নিলেও বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং যাওয়ার সময় হুমকি দেন।

ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি মুসাদ্দিককে বলছি, তুমি আমার নামে যে মিথ্যা কথা লিখেছ, আমিও তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। আমার নামে যে ভুয়া কথাগুলা, মিথ্যা প্রপাগান্ডা কেন ছড়িয়েছে, এ কথার জবাব চেয়েছি শুধু তার কাছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied