কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

Cumilla24

৫০ মিনিট আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। এ ঘটনায় ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল। প্রতিবাদের অংশ হিসেবে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতারা।

রোববার (১ নভেম্বর) সকালে কলেজের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা ছাত্রদলের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ শাখা ছাত্রদলের নেতারা।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী বলেন, এমন বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। এর প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আজ সম্মানিত শিক্ষকদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে—ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীর ফরম পূরণ বা এ-সংক্রান্ত তদবির নিয়ে ছাত্রদল কিংবা বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী কলেজে যাবেন না। মেধার মূল্যায়ন করতে হবে। মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের ফরম পূরণ হবে, কোনো রাজনৈতিক পরিচয়ে নয়।’

তিনি আরও বলেন, ‘ফুল আমাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মান উন্নয়ন ও ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে ছাত্রদলের সহযোগিতা থাকবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied