মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

Cumilla24

১ দিন আগে রবিবার, এপ্রিল ২৬, ২০২৬


#

মালয়েশিয়ার মেক্স হাইওয়েতে ‘মদ্যপ অবস্থায় থাকা এক সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি এক ট্রাভেল ব্লগার মুজাহিদ মিল্লাত (২২)। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী নাফিসা তাবাসসুম আবিদা (২০)। তারা হবিগঞ্জের বাসিন্দা।

এ দুর্ঘটনায় নিহত ট্রাভেল ব্লগারের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মালয়েশিয়ার প্রচলিত আইনে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন নিহত ট্রাভেল ব্লগারের পরিবারের সদস্যরা।

স্ত্রীকে নিয়ে পর্যটনবিষয়ক ভিডিও তৈরির কাজে দ্বিতীয়বারের মতো মালয়েশিয়া এসেছিলেন মুজাহিদ। দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি।

নিহত ট্রাভেল ব্লগার মিল্লাতের চাচা মালয়েশিয়া জোহরবারু প্রবাসী সফিকুল হাসান (৫০) এনটিভি অনলইনকে বলেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে ই-হেইলিং গাড়িতে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান মুজাহিদ।

কুয়ালালামপুর হাসপাতালের ফরেনসিক বিভাগে চাচা শফিকুল হাসান ক্ষোভ ও আক্ষেপ নিয়ে বলেন, ‘যদি মদ্যপই থাকে, তবে সে গাড়ি চালাচ্ছিল কেন? আইন অনুযায়ী এখন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, আমি তা দেখতে চাই।

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও এনফোর্সমেন্ট বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চালকের শ্বাস-প্রশ্বাসের পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি মিলেছে, যা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। অভিযুক্ত ব্যক্তি একজন সেনা কর্মকর্তা বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় মুজাহিদের স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাসহ ফোর্ড ফিয়েস্তায় থাকা আরেক নারী যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনা তদন্তে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানে আবিদা কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি আছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied