প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

Cumilla24

১৭ ঘন্টা আগে রবিবার, আগস্ট ৩০, ২০২৬


#

প্রেম-ভালোবাসায় ব্যর্থ হয়ে ব্যতিক্রমীভাবে দুধ দিয়ে গোসল করে সেই সম্পর্ক থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক যুবক।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার বিলের ঘাট এলাকায় দুধ দিয়ে গোসল করেন শালুকডুবি গ্রামের তারিকুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার বিকেলে তারিকুল ইসলাম বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল করেন। এ সময় বিষয়টি দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। দুধ দিয়ে গোসলের মাধ্যমে প্রেম-ভালোবাসার সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরু করার ঘোষণা দেন তিনি।

প্রেমিক তারিকুল ইসলাম বলেন, তিনি একসময় একজনকে ভালোবেসেছিলেন। সেই ভালোবাসার সম্পর্ককে ঘিরে তার জীবনে নানা হতাশা ও কষ্ট তৈরি হয়েছে। একপর্যায়ে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তিনি।

এসময় তারিকুল ইসলাম আরও বলেন, আমি এক বেঈমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।

জীবনে ভালো-মন্দের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান তরিকুল । অতীতের সম্পর্ক ও কষ্টকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তারিকুলের এমন ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে ভিন্নভাবে দেখলেও তারিকুলের ভাষ্য অনুযায়ী, দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি মূলত অতীতের প্রেমের সম্পর্ককে বিদায় জানিয়ে নতুন জীবনে ফেরার প্রতীকী ঘোষণা দিয়েছেন।

তারিকুলের এই ঘটনা এখন স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ‘ব্যতিক্রমী ব্রেকআপ হিসেবে দেখছেন। তবে তারিকুলের প্রত্যাশা, অতীতের কষ্ট ভুলে তিনি সামনে এগিয়ে যেতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied